ঢাকায় কনকা, গ্রী ও হাইকো ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পার্টনারস মিট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলের বলরুমে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১ হাজারের বেশি চ্যানেল পার্টনার ও সহযোগী অংশ নেন। পার্টনারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা এবং নতুন পরিকল্পনা তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিন দশকের বেশি সময় ধরে বিশ্বখ্যাত এসব ব্র্যান্ডের পণ্য দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পার্টনারদের ভূমিকা অপরিসীম। তিনি জানান, সাশ্রয়ী মূল্যে উন্নত মানের পণ্য সরবরাহ নিশ্চিত করতে নারায়ণগঞ্জে আধুনিক কারখানা স্থাপন করেছে ইলেকট্রোমার্ট গ্রুপ।

ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন জানান, বাংলাদেশের ইলেকট্রনিক্স খাত একসময় সম্পূর্ণ আমদানিনির্ভর ছিল। কিন্তু সরকারি শিল্পবান্ধব নীতির কারণে এখন দেশেই কনকা, গ্রী ও হাইকোর পণ্য উৎপাদিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শীঘ্রই এসব পণ্য ‘মেইড ইন বাংলাদেশ’ নামে আন্তর্জাতিক বাজারে রফতানি করা হবে।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু তার বক্তব্যে সবার সহযোগিতা ও পরিশ্রমকে প্রতিষ্ঠানের মূল শক্তি হিসেবে উল্লেখ করেন। অপর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নুরুল আফছার জানান, আধুনিক প্রযুক্তি ও বিক্রয়োত্তর সেবার কারণে বর্তমানে প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের কাছেও এ ব্র্যান্ডগুলো প্রথম পছন্দে পরিণত হয়েছে। এ সময় তিনি নতুন মডেলের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে সবাইকে অবহিত করেন।

সম্মেলনে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ইলেকট্রনিক্স বাজারে শীর্ষস্থান অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৫ সালের সাফল্যের ভিত্তিতে সেরা পার্টনারদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ ইবনে নেওয়াজ ও নুরুল আজিম সানিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—বিজ্ঞপ্তি