২০২১-২২ মৌসুমে রাশিয়ার মোট খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ৫ শতাংশ কমে ১১ কোটি ৮০ লাখ টনে গিয়ে ঠেকবে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। ২০২০-২১ মৌসুমে দেশটির মোট খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ছিল ১৩ কোটি ৩০ লাখ টন। মোট উৎপাদনের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে ২০১৬-১৭ মৌসুমে দেশটি সর্বোচ্চ রেকর্ড সংখ্যক খাদ্যশস্য উৎপাদন করে। ওই মৌসুমে উৎপাদনের পরিমাণ ছিল ১৩ কোটি ৫০ লাখ। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম।

গত কয়েক মাসে খারাপ আবহাওয়ার কারণে রাশিয়ায় গম উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ফলে ২০২১-২২ বিপণন মৌসুমে দেশটির গম উৎপাদন ৯ শতাংশ কমে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার গম উৎপাদনের পরিমাণ কমে ৭ কোটি ৭৫ লাখ টনে নেমে যেতে পারে। তবে দেশটির ভুট্টা উৎপাদন ৬ শতাংশ এবং যব উৎপাদন ৭ শতাংশ বাড়তে পারে। ইউএসডিএ জানায়, চলতি মৌসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে শস্য উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে।

ইউএসডিএ বলছে, কম উৎপাদন এবং রফতানি বিধিনিষেধের কারণে ২০২১-২২ মৌসুমে দেশটির শস্য রফতানির পরিমাণও কমে যেতে পারে। এ সময় রাশিয়া মোট ৪ কোটি ৮০ লাখ টন শস্য রফতানি করতে পারে। এর মধ্যে গম রফতানির পরিমাণ নির্ধারণ করা হয়েছে চার কোটি টন।