প্রতিষ্ঠানটি ‘নিখুঁত, নির্মল, ফ্রেশ’ ট্যাগলাইন নিয়ে ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’ নামে নতুন ব্র্যান্ড বাজারে এনেছে। নারায়ণগঞ্জের আষাঢ়িয়ারচরে এমসিআইএলের কারখানায় গতকাল ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন এমজিআইয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। অনুষ্ঠানে এমজিআইয়ের ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার, পরিচালক তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা ও তানভীর মোস্তফা এবং এমসিআইএলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) একেএম জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন। শিল্পগোষ্ঠীটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এমসিআইএল জানিয়েছে, স্যানিটারিওয়্যার কারখানাটিতে মাসে প্রায় ৬০ হাজার পিস পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে। প্রকল্পটির মাধ্যমে ছয় শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রাথমিকভাবে ফ্রেশ স্যানিটারিওয়্যারের পণ্য তালিকায় রয়েছে ছয় ধরনের পেডেস্টাল বেসিন, দুটি ওয়ান-পিস ওয়াটার কমোড, তিনটি টু-পিস ওয়াটার কমোড ও তিনটি স্কোয়াটিং প্যান। উন্নতমানের গ্লেজ উপকরণ, উচ্চমানের ফিনিশিং ও আধুনিক উৎপাদন প্রযুক্তি ব্যবহার করে এসব পণ্য তৈরি করা হচ্ছে। শুরুতে সাদা রঙের পণ্য বাজারজাত করা হলেও ভবিষ্যতে গ্রাহকের চাহিদা অনুযায়ী বিভিন্ন রঙ ও নতুন ডিজাইনের পণ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠানটির ভাষ্য, ফ্রেশ স্যানিটারিওয়্যারে অধিকতর হোয়াইটনেস, উন্নত গ্লস ও গ্লেজ হার্ডনেস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে পণ্যের উজ্জ্বলতা, মসৃণ ফিনিশিং ও স্থায়িত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
বর্তমানে উৎপাদনে শতভাগ আমদানিনির্ভর কাঁচামাল ব্যবহার করছে এমসিআইএল। থাইল্যান্ড, মালয়েশিয়া, মিসর, ভারত, জার্মানি ও চীন থেকে এসব কাঁচামাল সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে টেবিল টপ বেসিন, ইউরিনালসহ আরো বিভিন্ন ধরনের স্যানিটারিওয়্যার পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে।
এমজিআইয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, ‘নির্মাণসামগ্রী খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুনামের পাশাপাশি সিরামিক টাইলস গ্রাহকদের কাছে পৌঁছে দিয়ে আমরা আস্থা অর্জন করেছি। সেই অভিজ্ঞতা ও আস্থার ভিত্তিতেই ফ্রেশ সিরামিকসের পর ফ্রেশ স্যানিটারিওয়্যার বাজারে আনা হয়েছে।’ গুণগত মান, নিরবচ্ছিন্ন সরবরাহ ও গ্রাহকের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্র্যান্ডটিকে এ খাতের একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত করতে চান বলেও জানান তিনি।
এমজিআইয়ের পরিচালক তানজিমা মোস্তফা বলেন, ‘নির্মাণসামগ্রীর বাজারে ক্রমাগত পরিবর্তন আসছে। গ্রাহকরা এখন পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি মান ও নির্ভরযোগ্যতাকেও গুরুত্ব দিচ্ছেন। এ চাহিদা পূরণে স্যানিটারিওয়্যার খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।’ মানসম্মত সিরামিক পণ্য, আধুনিক নকশা ও কর্মদক্ষতার সমন্বয়ে এ খাতে শক্তিশালী অবস্থান তৈরির বিষয়ে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২১ সালে যাত্রা শুরুর পর পাঁচ বছরের মধ্যে ফ্রেশ সিরামিকস দেশের সিরামিকস খাতে একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে অবস্থান তৈরি করেছে। এর ধারাবাহিকতায় স্যানিটারিওয়্যার ব্যবসায় প্রবেশ করল এমজিআই। সিরামিকসের পাশাপাশি গ্রুপটির নির্মাণসামগ্রীর পোর্টফোলিওতে রয়েছে সিমেন্ট, স্টিল, ইট ও ব্লক এবং নির্মাণকাজে ব্যবহৃত পাথর।










