বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান লোকমান
হোসেন মিয়ার সঙ্গে ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি
জাভেদ আখতার সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিডা কার্যালয়ে এ সাক্ষাতের
সময় ফিকির পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ সময় বিডা চেয়ারম্যান ফিকির নতুন পরিচালনা পর্ষদকে (২০২৪-২৫) অভিনন্দন
জানান। তিনি বলেন, বিডা দীর্ঘদিন ধরে ফিকির সঙ্গে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই)
বৃদ্ধি এবং বাংলাদেশের ব্যবসার পরিবেশ উন্নত করতে কাজ করে আসছে। বিডা বরাবরই এদেশে
বিদেশী বিনিয়োগকারীদের ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন করতে সবরকমের সহযোগিতা করতে
প্রস্তুত। বিডা ওয়ান স্টপ সার্ভিসকে (ওএসএস) কিভাবে আরো জনপ্রিয় করা যায় সে বিষয়ে
আমরা ফিকির সঙ্গে একযোগে কাজ করব। পাশাপাশি জ্ঞানভিত্তিক অংশীদারত্ব গড়ে তোলার মাধ্যমে
বাংলাদেশে বিনিয়োগের প্রবাহ বৃদ্ধি করতেও কাজ করব।
বিডা চেয়ারম্যান গত বছর ফিকির ৬০ বছর উদযাপন অনুষ্ঠানে কৌশলগত অংশীদার
হিসাবে যোগ দিতে পেরে আনন্দ প্রকাশ করেন।
ফিকি সভাপতি বলেন, ‘আমরা জানি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আমাদের
দেশেও বিভিন্ন ব্যবসায়িক চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে বিডা
এবং ফিকির অংশীদারত্বমূলক কার্যক্রম অত্যন্ত প্রয়োজন। ফিকির সদস্য কোম্পানিগুলো চলমান
সংকট নিরসনে প্রতিনিয়ত কাজ করছে। এ ব্যাপারে বিডার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে
বলে আমরা আশা করছি।’
বৈঠকে বিডার ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফিকির পরিচালনা পর্ষদের সদস্যরা
উপস্থিত ছিলেন।










