বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস গুলশানে নতুন ঠিকানায় এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টারের উদ্বোধন করেছেন। রোববার (২২অক্টোবর) গুলশানে এভিনিউয়ের ১১৩ নম্বর রোডে গ্র্যান্ড দেলভিস্তা ভবনে এ সেন্টারের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।

মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু সেনেটর এডওয়ার্ড এম কেনেডির নামে মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঢাকায় আমেরিকান সেন্টারের উদ্যোগে ২০১২ সালে ঢাকায় ইএমকে সেন্টার প্রতিষ্ঠা করা হয়।

ইএমকে সেন্টার বাংলাদেশী তরুণদের বুদ্ধিবৃত্তিক সম্পৃক্ততার কেন্দ্র। এটি বই, ডিজিটাল উপকরণ, আধুনিক মাল্টিমিডিয়া এবং অনলাইন তথ্যসহ সমৃদ্ধ এক ভাণ্ডার। ইএমকে সেন্টারে রয়েছে এআর/ভি আর প্রযুক্তিসহ একটি আধুনিক রেকর্ডিং স্টুডিও এবং ঢাকার বৃহত্তম ডি প্রিন্টারগুলোর মধ্যে একটি। আছে উদ্যমী শিল্পীদের তোলা ও আঁকা ছবি এবং শিল্প প্রদর্শনী।

কেন্দ্রে শিক্ষার্থী, গবেষক, শিল্পী এবং উৎসাহীরা নিজেদের সমৃদ্ধ করে তুলতে, আলোচনায় যুক্ত হতে, শিক্ষাগত এবং সামাজিক উন্নয়নে অবদান রাখে এমন প্রকল্পগুলোতে সহযোগিতা করতে পারে৷। ইএমকে সেন্টার এডুকেশন ইউএসএ-এর অ্যাডভাইজিং সেন্টার হিসাবেও কাজ করে। চারজন বিশেষজ্ঞ অ্যাডভাইজার শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে প্রাতিষ্ঠানিক শিক্ষায় আবেদন করতে বিনামূল্যে বিভিন্ন পরিষেবায় অ্যাক্সেস প্রদান করবেন।

ইএমকে সেন্টার ইংরেজি ভাষাশিক্ষা, উদ্যোক্তা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী, এবং আমেরিকান সাহিত্য ও ইতিহাস ঘিরে বিভিন্ন অনুষ্ঠান, কর্মশালা এবং ইভেন্টের আয়োজন করে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর শার্লিনা হুসাইন-মর্গান বলেন, ‘বাংলাদেশী যেই তরুণরা এই দরজা দিয়ে প্রবেশ করবেন, এটি আপনাদের কাছে আহ্বান, আপনাদের আগে যারা এখানে এসেছিল, তাদের মতো করে শেখার, নেতৃত্ব দেয়ার, যুক্ত হওয়ার এবং সংযোগ করার।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র এক্সচেঞ্জ প্রোগ্রামের সাবেক শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং সুশীল সমাজ, শিল্পকলা ও সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরা।