আগামী পাঁচ বছরে উল্লেখযোগ্য মাত্রায় কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে গ্লোবাল পোর্টস অপারেটর ডিপি ওয়ার্ল্ড। এ লক্ষ্য পূরণে ৫০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে দুবাইভিত্তিক প্রতিষ্ঠানটি। মিসরে ২৭তম জলবায়ু সম্মেলন কপ২৭ চলাকালে এ বিষয়টি তুলে ধরে ডিপি ওয়ার্ল্ড। খবর ন্যাশনাল নিউজ।
মিসরের শারম আল শেখ নগরীতে জলবায়ু সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের এক কনফারেন্সে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান বিন সুলায়েম বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেন, ২০২১ সালের স্তরের চেয়ে আগামী পাঁচ বছরে ডিপি ওয়ার্ল্ড কার্বন নিঃসরণ সাত লাখ টন বা ২০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। একই সঙ্গে ডিজেলচালিত রণতরীগুলোকে বিদ্যুচ্চালিত করার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ এবং বিকল্প জ্বালানির উৎস খুঁজে বের করার লক্ষ্যও রয়েছে ডিপি ওয়ার্ল্ডের।
সুলতান বিন সুলায়েম আরো বলেন, বৈশ্বিক বাণিজ্যিক পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে। এর মাধ্যমে গত কয়েক দশকে লাখ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। তবে বাণিজ্যের প্রবৃদ্ধি বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ্য নয়।
গত রোববার মিসরের শারম আল শেখ নগরীতে শুরু হয়েছে ২৭তম জলবায়ু সম্মেলন কপ২৭। যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত বিশ্বে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবেলায় প্রায় ২০০টি দেশ এ সম্মেলনে যোগ দিয়েছে।
২০২১ সালে প্রতিশ্রুতি অনুযায়ী ডিপি ওয়ার্ল্ড আগামী ২০৪০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত হবে। একই সঙ্গে ২০৫০ সালের মধ্যে নিট জিরো কার্বন অর্জনের লক্ষ্যও রয়েছে দুবাইভিত্তিক পোর্টস অপারেটরটির।
বিশ্ব বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয় শিপিংয়ের মাধ্যমে, যা বৈশ্বিক কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের ৩ শতাংশ দায়ী।
এ বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত জন কেরি এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর গ্রিন শিপিং চ্যালেঞ্জ (জিএসসি) উদ্যোগ চালু করেন। সোমবার ডিপি ওয়ার্ল্ড জিএসসি গ্রহণ করার কথা জানায়।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের এক বিবৃতি অনুযায়ী, জিএসসি বিশ্বের বিভিন্ন দেশের সরকার, বন্দর, সামুদ্রিক জাহাজ, কার্গো মালিক ও শিপিং চেইনের সঙ্গে জড়িত অন্যদের কার্বন নিঃসরণ কমানোর পদক্ষেপ নিতে উৎসাহিত করবে। এ উদ্যোগ আন্তর্জাতিক শিপিং সেক্টরকে ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামাতে সহায়তা করবে।










