সিলেট অঞ্চলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসির মানসম্মত ব্যবসা সম্প্রসারণ, আমানত বৃদ্ধি ও গ্রাহকসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করেছেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান। নগরীর একটি মিলনায়তনে গতকাল ব্যাংকের সিলেট অঞ্চলের দিনব্যাপী টাউন হল মিটিংয়ে তার বক্তব্যে এ বিষয়টি উঠে আসে। সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান এবং পরিচালক প্রকৌশলী খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ ও মো. রফিকুল ইসলাম। এআইবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় পর্ষদ চেয়ারম্যান বদিউর রহমান বলেন, ‘গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে এআইবি দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে। মানসম্মত ব্যবসা সম্প্রসারণ, আমানত বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাংকের অবস্থান আরো সুদৃঢ় করতে হবে।’

এ সময় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান শাখা ও কর্মকর্তাদের নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি, মানসম্মত আমানত সংগ্রহ, গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং উন্নত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে এআইবিকে একটি পরিবার হিসেবে উল্লেখ করেন ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান। তিনি বলেন, ‘পারস্পরিক সংযোগ, অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে টাউন হল মিটিং একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।’

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান ভূঁঞা, মো. আমিনুল ইসলাম ভূঁঞা ও সৈয়দ আবুল হাশেম উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জিএসডি প্রকৌশলী মো. হাবীব উল্লাহ। এ সময় প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীরাও উপস্থিত ছিলেন।

এআইবির সিলেট জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম আমজাদ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী এ সভায় সংশ্লিষ্ট অঞ্চলের ১৮টি শাখা এবং ১০টি উপশাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশ নেন।