বন্ড লাইসেন্স না থাকলে ব্যাক টু ব্যাক এলসি করা যাচ্ছে না।  এ বিষয়টিতে সহযোগিতা দরকার।  এ বিষয়ে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) শিল্পমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে টেরি টাওয়েল ও লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) নেতারা।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে রাজধানীর মতিঝিলের শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাৎ করেন তারা।

বিটিটিএলএমইএ'র পক্ষ থেকে হোম টেক্সটাইল খাতে বিদ্যমান সমস্যা তুলে ধরা হয় এবং এ বিষয়ে তারা শিল্পমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। বিটিটিএলএমইএ নেতারা মন্ত্রীকে জানান,  বিশেষত বন্ড লাইসেন্স না থাকলে ব্যাক টু ব্যাক এলসি করা যাচ্ছে না। এ বিষয়টিতে সহযোগিতা দরকার। তারা জাতীয় শিল্প উন্নয়ন পরিষদে তাদের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার ব্যাপারে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। আগামী বাজেটের আগেই সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেবেন বলে জানান শিল্পমন্ত্রী।

সাক্ষাতে সংগঠনটির সভাপতি এবং আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হুসাইন মাহমুদের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক একেএম মাহফুজুর রহমান,  আশিকুর রহমান,  শফিকুল ইসলাম, অ্যাসোসিয়েশনের সচিব মুজিবুর রহমান প্রমুখ।