দক্ষিণ কোরিয়ায় ২০ বছরের মধ্যে সর্বোচ্চ বেড়েছে হ্যামবার্গারের দাম। কাঁচামালের দাম ও সংশ্লিষ্ট খরচ বেড়ে যাওয়ার জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। সম্প্রতি এমনটাই জানানো হয়েছে স্ট্যাটিস্টিকস কোরিয়ার প্রকাশিত প্রতিবেদনে। খবর কোরিয়া হেরাল্ড।

কোরিয়ায় চলতি বছরে বাড়ছে হ্যামবার্গারের দাম। ফেব্রুয়ারিতে বছরওয়ারি দাম বেড়েছিল ৭ দশমিক ১ শতাংশ, মার্চ মাসে ছিল ১০ দশমিক ৩ শতাংশ। এপ্রিল মাসে ছাড়িয়ে গেছে সে সূচক। বছরওয়ারি ১৭ দশমিক ১ শতাংশ দাম বেড়েছে এপ্রিলে, যা ২০০৪ সালের জুলাইয়ের পর সবচেয়ে বড় মূল্যবৃদ্ধির ঘটনা। সে সময় হ্যামবার্গারের দাম বেড়েছিল ১৯ শতাংশ। একই সঙ্গে বাড়ছে পিৎজার দামও। চলতি বছরের জানুয়ারিতে দাম বেড়েছে ৮ দশমিক ৮ শতাংশ। ফেব্রুয়ারি ও মার্চে বেড়েছিল যথাক্রমে ১০ দশমিক ৭ ও ১২ শতাংশ। এপ্রিলে ১২ দশমিক ২ দশমিক মূল্যবৃদ্ধি। ২০০৮ সালের নভেম্বরের পর বৃদ্ধির পরিমাণ এটিই সর্বোচ্চ। সে সময় বেড়েছিল ১৩ দশমিক ২ শতাংশ।

এদিকে ফ্রাইড চিকেনের দাম বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ। বেড়েছে অন্যান্য খাবারের দামও। গত মাসে কৃষি, খাদ্য ও পল্লীমন্ত্রী বিশেষ সভা আহ্বান করেন দাম নিয়ন্ত্রণ বিষয়ে। স্টারবাকস, লোটেরিয়া, বিএইচসি ও কিয়োচন এফ অ্যান্ড বি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে কতক্ষণ সেই লাগাম টেনে রাখা যাবে, সেটা প্রশ্নই থেকে যায়। প্রস্তুতকারক কোম্পানির ভাষ্য অনুযায়ী, চলমান বাজার ব্যবস্থায় দাম না বাড়িয়ে থাকতে পারাটা কঠিন। কোম্পানি যদি খরচ কুলিয়ে উঠতে না পারে, তাহলে বরং দাম আরো বাড়তে পারে।