কভিড-১৯ মহামারী পেরিয়ে আন্তর্জাতিক ভ্রমণ পরিস্থিতি বেশ উন্নত হচ্ছে। এতে বেশ মুনাফাও করছে ভ্রমণসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। গত মার্চে শেষ হওয়া প্রথম প্রান্তিকে এয়ারএশিয়া এক্সের (এএএক্স) নিট মুনাফা হয়েছে ৩২ কোটি ৮০ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত। এ সময় প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ৫৪ কোটি ৮৮ লাখ রিঙ্গিত। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ সময় বেশ অগ্রগতি হয়েছে। তাদের অর্জন ২০১৯ সালের পরিমাণের প্রায় ৫০ শতাংশে পৌঁছে গেছে। যদিও আগের কোনো প্রান্তিকের সঙ্গে এ প্রান্তিকের তুলনামূলক চিত্র তুলে ধরা যায়নি। কারণ এএএক্সের আর্থিক সময় বদলে ৩১ ডিসেম্বর ২০২০ থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত নেয়া হয়েছে। এর আগে গ্রুপটির অর্থবছরে ছয়টি প্রান্তিক ছিল।

প্রবৃদ্ধির এমন চিত্রকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন খাতসংশ্লিষ্টরা। কারণ তখন মাত্র দুটি অতিরিক্ত উড়োজাহাজ এ সময় বিমানবহরে যুক্ত হয়েছে। আরো ছয়টি মে মাসে কার্যক্রম শুরু করার জন্য অপেক্ষমাণ ছিল। এ সময় এয়ারএশিয়া এক্সের প্রতিটি সিটের কিলোমিটারপ্রতি ভাড়া ২০১৯ সালের তুলনায় ৫০ শতাংশ কমে ৬ দশমিক ৫০ সেন্ট হয়েছে। যদিও গত কয়েক প্রান্তিকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা বেশ বেড়েছে। আর সেখানে সমর্থন জুগিয়েছে জ্বালানি পরিবেশ ও সিটের সংখ্যা বৃদ্ধি। প্রতিটি সিটের বিপরীতে আয় ১৮ দশমিক ৯৩ সেন্ট দাঁড়িয়েছে। এ সময় গড় বেজ ফেয়ার থেকেছে ৭৮৫ রিঙ্গিতে।