২০২১ সালে ভারতের বাসমতি চাল রফতানি আগের বছরের তুলনায় এক-পঞ্চমাংশ কমেছে। এর মধ্য দিয়ে রফতানি চার বছরের সর্বনিম্নে নেমেছে। মূলত বৈদেশিক মুদ্রার মজুদস্বল্পতার কারণে ইরান ভারত থেকে পণ্যটির আমদানি কমিয়ে দেয়ায় এমন নিম্নমুখিতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকার ও শিল্পসংশ্লিষ্টরা। খবর দি ইকোনমিকস টাইমস।
সরকারি তথ্য বলছে, গত বছর ভারত ৪০ লাখ টন বাসমতি চাল রফতানি করেছে। ২০২০ সালের তুলনায় রফতানি কমেছে ২০ শতাংশ। এর আগে ২০১৭ সালে পণ্যটির রফতানি এ পর্যায়ে নেমে এসেছিল।
ইরান ভারতীয় বাসমতি চালের সবচেয়ে বড় ক্রেতা। গত বছর দেশটি ভারত থেকে ৮ লাখ ৩৪ হাজার ৪৫৮ টন বাসমতি আমদানি করে। ২০২০ সালের তুলনায় আমদানি ২৬ শতাংশ কমেছে।
মুম্বাইভিত্তিক এক ডিলার জানান, গত বছরের বেশ কয়েক মাস ধরে ইরান বাজারে সক্রিয় ছিল না। কারণ ওই সময় দেশটিতে ভারতীয় রুপির মজুদ কমে গিয়েছিল। রফতানি কমে যাওয়ার পেছনে এ বিষয়কেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।
অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিজয় সাতিয়া বলেন, গত বছরের মাঝামাঝিতে ভারতের চাল রফতানি সবচেয়ে বড় প্রতিবন্ধকতার মধ্যে পড়েছিল। তবে বছরের শেষ দু-তিন মাসে ইরান, সৌদি আরব ও অন্যান্য প্রধান ক্রেতা দেশ ক্রয়ের পরিমাণ বাড়ায়।










