বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারীদের অন্তর্ভুক্তি বাড়ানোর তাগিদ দিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাভ। বাংলাদেশের আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) আয়োজিত ‘নারীদের ওপর বিনিয়োগ করুন: অগ্রগতি ত্বরান্বিত করুন’ বিষয়ক সেমিনারে তিনি এ বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারীদের অন্তর্ভুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকাও তুলে ধরেন। 

বিশ্বব্যাপী নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নকে এগিয়ে নেয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের করা প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘অর্ধেক জনসংখ্যা পিছিয়ে থাকলে একটি জাতি তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারে না।’ তিনি বাংলাদেশে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তির প্রচারে দূতাবাসের চলমান প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, ‘যুক্তরাষ্ট্র দূতাবাস নারী উদ্যোক্তাদের সঙ্গে সম্পৃক্ত এবং নারীদের অনন্য চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করে এবং তাদের সাফল্যকে সমর্থন করে।’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিজ রুবাবা দৌলা। হেলেন লাফাভ ছাড়াও আলোচনা প্যানেলে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রত্নতত্ত্ব ও জাদুঘর) নাফরিজা শায়মা, এসবিকে টেক ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং জেনারেল পার্টনার সোনিয়া বশির কবির ও এফসিবি বিটপির ম্যানেজিং ডিরেক্টর সারা আলী।