বিশ্বের অন্যতম কয়লাসমৃদ্ধ দেশ ভারত। বিদায়ী অর্থবছরে দেশটির কয়লা উত্তোলন ২ দশমিক ২ শতাংশ কমেছে। এ সময় দেশটি সব মিলিয়ে ৭১ কোটি ৬০ লাখ ৮৪ হাজার টন কয়লা উত্তোলন করে। দেশটির কয়লাবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৯-২০ অর্থবছরে ভারত ৭৩ কোটি ৮ লাখ ৭৪ হাজার টন কয়লা উত্তোলন করেছিল। সে হিসাবে গত অর্থবছর উত্তোলন কমেছে ১ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টন।
ভারতের সরকারি সূত্রের তথ্য বলছে, সর্বশেষ অর্থবছর মোট উত্তোলিত কয়লার মধ্যে তাপ কয়লা উত্তোলন করা হয়েছে ৬৭ কোটি ১২ লাখ ৯৭ টন এবং ধাতব কয়লা উত্তোলন করা হয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৮৭ হাজার টন।
মোট উত্তোলিত কয়লার মধ্যে ৬৮ কোটি ৫৯ লাখ ৫১ হাজার টন সরকারি উদ্যোগে এবং বাকি ৩ কোটি ১ লাখ ৩৩ হাজার টন বেসরকারি উদ্যোগে উত্তোলন করা হয়।
২০২০-২১ অর্থবছরে সবচেয়ে বেশি কয়লা উত্তোলন করা হয়েছে ছত্তিশগড় রাজ্যে। মোট উত্তোলনের ১৫ কোটি ৮৪ লাখ ৯ হাজার টন এসেছে এ রাজ্য থেকে। ওড়িশায় উত্তোলন করা হয়েছে ১৫ কোটি ৪১ লাখ ৫০ হাজার টন। এছাড়া মধ্যপ্রদেশে ১৩ কোটি ২৫ লাখ ৩১ হাজার ও ঝাড়খণ্ডে ১১ কোটি ৯২ লাখ ৯৬ হাজার টন উত্তোলন করা হয়েছে।
মোট উত্তোলিত ধাতব কয়লার মধ্যে সবচেয়ে বেশি সরবরাহ করেছে ঝাড়খণ্ড। এ রাজ্যে মোট ৪ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার টন ধাতব কয়লা উত্তোলন করা হয়, যা মোট উত্তোলিত ধাতব কয়লার ৯৯ দশমিক ১১ শতাংশ। সূত্র: পিটিআই










