তামা উত্তোলনে উল্লম্ফন দেখিয়েছে পেরু। আগস্টে শিল্প ধাতুটির উত্তোলন গত বছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময় দেশটি ২ লাখ ২৩ হাজার টন তামা উৎপাদন করে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে পেরুর জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। খবর রয়টার্স।
পেরু বিশ্বের দ্বিতীয় শীর্ষ তামা উত্তোলনকারী। আন্দিজ অঞ্চলের এ দেশে বছরওয়ারি হিসেবে তামা উত্তোলন বাড়লেও চলতি বছরের জুলাইয়ের তুলনায় উত্তোলন কমেছে আগস্টে। জুলাইয়ে পেরুতে উত্তোলনের পরিমাণ ১৮ শতাংশ বেড়ে ২ লাখ ৩০ হাজার টন স্পর্শ করেছে।
আগস্টে উত্তোলন সম্পর্কে মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির শীর্ষ খনি ফ্রিপোর্ট-ম্যাকমোরান ও সেরো ভার্দে শ্রমিকদের ভালো পারফরম্যান্স উত্তোলন বাড়াতে প্রধান ভূমিকা পালন করেছে।
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রথম আট মাসে মোট তামা উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৭০ হাজার টনে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলনে প্রবৃদ্ধি এসেছে ১৮ শতাংশ। গত বছর শ্রমিক বিক্ষোভের কারণে দেশটিতে উত্তোলন কমে গিয়েছিল। এ বছর খনি কার্যক্রম স্বাভাবিক থাকায় উত্তোলনের পরিমাণ বেড়েছে।
কঙ্গো আগামী বছর পেরুকে টপকে দ্বিতীয় শীর্ষ তামা উত্তোলনকারীর স্থান দখল করতে পারে। এক প্রতিবেদনে এমন পূর্বাভাস আসার পর নিজেদের অবস্থান ধরে রাখতে উত্তোলন দ্বিগুণ করেছে পেরু। দক্ষিণ আমেরিকার এ দেশ আশা করছে বছর শেষে উত্তোলনের পরিমাণ দাঁড়াবে ২৮ লাখ টনে।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, তামার পাশাপাশি আগস্টে পেরুতে স্বর্ণ, দস্তা, সীসা, লোহা ও টিনের উত্তোলনও বেড়েছে। তবে মাসটিতে রূপা ও মলিবডেনামের উত্তোলন কমেছে।










