পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ এক বিঘার (২০ কাঠা) পরিবর্তে দুই বিঘা (৪০ কাঠা) জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। রোববার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-আই-তে ৬৮ কোটি টাকা ব্যয়ে আবাসিক ও বাণিজ্যিক উদ্দেশ্যে এসব প্লট কেনা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। 

তথ্যমতে, কাঠাপ্রতি ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় করবে কোম্পানিটি। এর মধ্যে রাস্তা নির্মাণ, ভূমি উন্নয়ন, আরসিসি ড্রেনেজ খরচ, সার্ভিস চার্জ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেড থেকে কেনা জমিটিতে কোম্পানিটি করপোরেট অফিস নির্মাণ করবে। রেজিস্ট্রেশনের পাশাপাশি ভ্যাট, ট্যাক্স ও বিভিন্ন চার্জসহ অন্যান্য ব্যয়ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বহন করবে। এর আগে গত ১৯ অক্টোবর ডিএসইতে এক বিঘা জমি ক্রয়সংক্রান্ত একটি মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশ করেছিল কোম্পানিটি, যা বাতিল করা হয়েছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩৩ পয়সা।