চীনে চলতি বছর প্রাকৃতিক গ্যাসের চাহিদা ২০২২ সালের তুলনায় ৮ শতাংশ বাড়তে পারে। দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল মেজর সিএনওওসির গবেষণা বিভাগ এ পূর্বাভাস দিয়েছে। চীনে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া এবং গ্যাসের দামে স্থিতি ফেরায় চাহিদা নিয়ে আশাবাদী বাজারসংশ্লিষ্টরা।
সিএনওওসির দেয়া তথ্যমতে, চলতি বছর দেশটিতে গ্যাসের চাহিদা পৌঁছতে পারে ৩৯ হাজার ৬৪০ কোটি ঘনফুটে। চাহিদা পূরণে দেশটি ৭ কোটি ৭ লাখ ৯০ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে পারে, যা গত বছরের তুলনায় ১০ দশমিক ৯ শতাংশ বেশি। অন্যদিকে পাইপলাইনের মাধ্যমে আমদানি এক বছরের ব্যবধানে ১০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৬ হাজার ৯৫০ কোটি ঘনফুটে উন্নীত হতে পারে।
খাতসংশ্লিষ্টরা জানান, চলতি বছরের দ্বিতীয়ার্ধে শিল্প খাতে গ্যাসের চাহিদায় পুনরুদ্ধার ঘটবে। জ্বালানিটির স্থিতিশীল বৈশ্বিক বাজার এক্ষেত্রে সহায়তা করবে।
এদিকে আইসিআইএস, এনার্জি আসপেক্টস ও এসআইএ এনার্জির পূর্বাভাস অনুযায়ী, চীনে চলতি বছর গ্যাসের চাহিদা দাঁড়াতে পারে ৫ দশমিক ৭ থেকে ৭ দশমিক ৪ শতাংশের মধ্যে। দেশটিতে এ বছর গ্যাস উত্তোলন ৪ দশমিক ৬ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তোলনের পরিমাণ দাঁড়াতে পারে ২২ হাজার ৭৮০ কোটি ঘনফুটে।










