দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৪-৭ টাকা করে। আমদানি কমে যাওয়ায় বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

বন্দর সূত্রে জানা গেছে, দুদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ১৮-২০ টাকা দরে বিক্রি হয়েছিল। বর্তমানে তা বেড়ে ২২-২৭ টাকায় উন্নীত হয়েছে। একইভাবে খুচরা বাজারেও পেঁয়াজের দাম বেড়েছে। আগে ১৫-১৮ টাকা বিক্রি হলেও তা বেড়ে ২২ টাকায় উন্নীত হয়েছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, আগে আমদানি বেশি হয়েছিল। পাশাপাশি ভারতীয় পেঁয়াজের সরবরাহও ছিল ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে আমরা ভারতীয় পেঁয়াজ ১৫-১৮ টাকা কেজি বিক্রি করেছিলাম। বর্তমানে দাম বাড়তি। প্রতি কেজি ২২ টাকা দরে বিক্রি করছি। এর মূল কারণ বন্দর দিয়ে আমদানি কমে যাওয়া। পাশাপাশি দেশীয় পেঁয়াজের সরবরাহও কম। এদিকে ভারতের বাজারেও দাম বেড়েছে। এসব বিষয় বাজারে প্রভাব ফেলেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আগে বন্দর দিয়ে ৩০-৪০ ট্রাক পেঁয়াজ ঢুকলেও তা কমে ২০-২৫ ট্রাকে নেমেছে। গত বৃহস্পতিবার বন্দর দিয়ে ২৬টি ট্রাকে ৭০৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে।