যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের জ্বালানি বাজারের হালচাল নিয়ে মাসভিত্তিক প্রতিবেদন প্রকাশ করে ইউএস এনার্জি ইনফরমেশন অব অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। প্রতিষ্ঠানটির সর্বশেষ শর্ট টার্ম এনার্জি আউটলুকে (এসটিইও) জানানো হয়েছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাস ব্যবহার আগের বছরের তুলনায় দৈনিক গড়ে ৩৪০ কোটি ঘনফুট কমে যেতে পারে। দেশটির শিল্প, বাণিজ্যিক ও আবাসিক সব খাতেই এবার জ্বালানি পণ্যটির ব্যবহারে মন্দা ভাব বজায় থাকতে পারে। এছাড়া বছরের প্রথমার্ধে ঊর্ধ্বমুখী থাকলেও দ্বিতীয়ার্ধে দেশটির বিদ্যুৎ উৎপাদন খাতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার কমে যেতে পারে। খবর ডেইলি এনার্জি ইনসাইডার ও ইয়াহু ফিন্যান্স।
চলতি বছর যুক্তরাষ্ট্রের শিল্প খাতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার সবচেয়ে বেশি কমে যেতে পারে, যা সামগ্রিক ব্যবহার কমিয়ে আনতে প্রভাব ফেলবে। ইআইএর তথ্য অনুযায়ী, দেশটির শিল্প খাতে ২০১৯ সালে দৈনিক গড়ে ২ হাজার ১৪০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস ব্যবহার হয়েছিল। চলতি বছর খাতটিতে জ্বালানি পণ্যটির ব্যবহার কমে দৈনিক গড়ে ১ হাজার ৯৯০ কোটি ঘনফুটে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ চলতি বছর দেশটির শিল্প খাতে জ্বালানিটির ব্যবহার আগের বছরের তুলনায় দৈনিক গড়ে ১৫০ কোটি ঘনফুট কমে যেতে পারে। প্রতিষ্ঠানটির এ পূর্বাভাস সত্য হলে তা হবে ২০১৬ সালের গ্রীষ্মের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের শিল্প খাতে প্রাকৃতিক গ্যাসের দৈনিক গড় ব্যবহার দুই হাজার কোটি ঘনফুটের নিচে।
ইআইএর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাস ব্যবহার হ্রাসের পেছনে সবচেয়ে বড় প্রভাবক হচ্ছে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব। ভাইরাসটির সংক্রমণ রোধে লকডাউনসহ নানা ধরনের সরকারি বিধিনিষেধ আরোপের জেরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া চলতি বছরের প্রথম প্রান্তিকে (জনুিয়ারি-মার্চ) দেশটিতে তুলনামূলত হালকা শীত পড়েছে। ফলে ঘর গরমের কাজে দেশটিতে পণ্যটির ব্যবহার অন্য বছরের তুলনায় কমেছে।
ইআইএর তথ্য অনুযায়ী, ২০২০ সালের প্রথম প্রান্তিকে তুলনামূলক উষ্ণ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের আবাসিক ও বাণিজ্যিক খাতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার আগের বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৩ দশমিক ৭ ও ৬ দশমিক ৯ শতাংশ কমে যেতে পারে। এ সময়ে দেশটির আবাসিক ও বাণিজ্যিক খাতে জ্বালানিটির সম্মিলিত চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় দৈনিক গড়ে ৫৬০ কোটি ঘনফুট কমে যেতে পারে। গত জানুয়ারি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে পঞ্চম শীর্ষ উষ্ণ মাস।
এদিকে চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ উৎপাদন খাতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার বাড়লেও শেষার্ধে কমে যেতে পারে। ইআইএর তথ্য অনুযায়ী, ২০২০ সালের প্রথমার্ধে দেশটির বিদ্যুৎ উৎপাদন খাতে আগের বছরের একই সময়ের তুলনায় দৈনিক গড়ে ১৬০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাসের চাহিদা বেড়েছে। জ্বালানি পণ্যটির মূল্য তুলনামূলক কম থাকায় এ সময়ে খাতটিতে জ্বালানিটির ব্যবহার বেড়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। এদিকে বছরের শেষার্ধে ঘটতে পারে এর উল্টোটা। মূল্যবৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ উৎপাদন খাতে পণ্যটির ব্যবহার আগের বছরের একই সময়ের তুলনায় দৈনিক গড়ে ২২০ কোটি ঘনফুট কমে যেতে পারে।










