চলতি বছরের প্রথম প্রান্তিকে মালয়েশিয়ার পাম অয়েল রফতানি বেড়েছে। এ ভোজ্যতেলের রফতানির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৭২১ কোটি রিঙ্গিতে পৌঁছে। গত বছরের প্রথম প্রান্তিকে দেশটির পাম অয়েল রফতানির পরিমাণ ছিল ১ হাজার ৩৪৯ কোটি রিঙ্গিত। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
মালয়েশিয়ার বনায়ন শিল্প ও পণ্যবিষয়ক মন্ত্রী মো. খাইরুদ্দিন আমান রেজালি বলেন, আন্তর্জাতিক বাজারে পাম অয়েল ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী ভোজ্যতেলের দাম ঊর্ধ্বমুখী। মূলত এ কারণেই মালয়েশিয়ার পাম অয়েল রফতানি বেড়েছে।
তিনি আরো বলেন, চলতি বছর ৭ হাজার ৫০০ কোটি রিঙ্গিত পাম অয়েল রফতানির লক্ষ্য নির্ধারণ করেছে মালয়েশিয়া সরকার। পাম অয়েল খাতকে আরো শক্তিশালী করতে মন্ত্রণালয় নতুন কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলেই পাম অয়েল রফতানির এ লক্ষ্য অর্জিত হবে বলে মনে করছে মন্ত্রণালয়।
গত বছর মালয়েশিয়ার পাম অয়েল শিল্প থেকে দেশটি ৭ হাজার ৩২৫ কোটি রিঙ্গিত রফতানি রাজস্ব আয় করেছে। পাশাপাশি দেশটির জিডিপিতে ৩ দশমিক ৬ শতাংশ অবদান রেখেছে ভোজ্যতেলের এ খাত। এদিকে গত বছর বৈশ্বিক পাম অয়েল উৎপাদনে ২৬ শতাংশ অবদান রাখে মালয়েশিয়া। ওই বছর বৈশ্বিক পাম অয়েল রফতানিতে দেশটি ভূমিকা রেখেছে ৩৪ শতাংশ।










