মোট আমদানির পরিমাণ কমলেও রুশ প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীলতা বাড়ছে স্পেনের। সম্প্রতি দেশটির জ্বালানি ও পরিবেশ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ২০২২ সালের জুলাইয়ের তুলনায় চলতি বছরের একই মাসে রাশিয়া থেকে স্পেনের আমদানি ৬৫ শতাংশ বেড়েছে। তবে দেশটির সামগ্রিক গ্যাস আমদানির পরিমাণ বছরওয়ারি ১৪ শতাংশ কমেছে।

স্পেন সম্পূর্ণরূপে বিদেশী গ্যাসের ওপর নির্ভরশীল। দেশটির মোট আমদানির মধ্যে রাশিয়ান গ্যাসের পরিমাণ ২০২২ সালের জুলাইয়ের ১৪ দশমিক ৫ শতাংশ থেকে চলতি বছরের একই মাসে বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে।

বছরের প্রথম সাত মাসে রাশিয়ান গ্যাস আমদানি ৭০ শতাংশ বেড়েছে, যা মোট আমদানির ২১ শতাংশকে প্রতিনিধিত্ব করে। এর মধ্য দিয়ে স্পেন এখন রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম গ্যাস ক্রেতা হয়ে উঠেছে।

গত সপ্তাহে প্রচারিত এক বিশ্লেষণে দেখা গেছে, জানুয়ারি- জুলাইয়ের মধ্যে ইউক্রেন যুদ্ধের আগে ২০২১ সালের একই সময়ের তুলনায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়া থেকে ৪০ শতাংশ বেশি এলএনজি আমদানি করেছে।