শিগগিরই কর্মীদের বেতন-ভাতা ও বোনাস বাড়াতে যাচ্ছে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ। গতকাল হংকংভিত্তিক উড়োজাহাজ সংস্থাটির সিইও অগাস্টাস ট্যাং জানান, ২০২৩ সালে কর্মীদের মূল বেতন ৩ দশমিক ৩ শতাংশ বাড়ানো হবে। এছাড়া যেসব কর্মী তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে তাদের এক মাসের সমমানের অতিরিক্ত বেতন দেয়া হবে। এর আগে উড়োজাহাজ সংস্থাটি জানিয়েছিল, পরবর্তী ১৮ থেকে ২৪ মাসে চার হাজার নতুন কর্মী নিয়োগ করবে। করোনা মহামারীর অভিঘাত থেকে ঘুরে দাঁড়ানোর প্রয়াস হিসেবে এ পরিকল্পনা তাদের। গত সপ্তাহে ক্যাথে প্যাসিফিক জানায়, ২০২৩ সালের শেষ নাগাদ তাদের যাত্রী পরিবহন করোনাপূর্ব সময়ের ৭০ শতাংশ ছোঁবে। চলতি বছরে যেখানে মাত্র ৩৩ শতাংশে পৌঁছতে পেরেছে হংকংভিত্তিক উড়োজাহাজ সংস্থাটি।-এপি