দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের স্প্রিং সেমিস্টার-২০২৪ এর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এক জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মাদ খসরু চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, ডি.লিট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের সদস্য সাদ-আল-যাবির আব্দুল্লাহ, লাবিবা আব্দুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্প্রিং ২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ নবাগত ছাত্র-ছাত্রীদের জন্য একটি চমৎকার প্রাঙ্গণ হবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রধান অতিথির বক্তব্যে খসরু আহমেদ ছাত্র-ছাত্রীদের নিয়মিত পড়ার অভ্যাস, কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তী হওয়ার আহ্বান জানান।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, কুড়ি থেকে যেমন মুকুল এবং ফুল ফোটে বিপুল সম্ভাবনা নিয়ে তেমনি আজকের নবীনই হতে পারে আগামী দিনের দেশনায়ক। তিনি উন্নত বিশ্বের শিশু-কিশোররা কিভাবে নিজেদের তৈরি করছে তার প্রতি নবীনদের নজর রাখার আহ্বান জানান। শিক্ষকদের সহমর্মিতা ও মনসংযোগ বৃদ্ধির আহ্বান জানান। একজন দক্ষ শিক্ষক শিক্ষার্থীদের জীবন পাল্টে দিতে পারে উল্লেখ করে বলেন, নর্দান ইউনিভার্সিটি হবে আগামী দিনের রোল মডেল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমডোর এম. মুনিরুল ইসলামস(অব.), বিএন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, সকল অনুষদের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ, কর্মকর্তা এবং কর্মচারীগণ।–সংবাদ বিজ্ঞপ্তি।