বছরের প্রথম প্রান্তিকে চীনা বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির আয় বেড়েছে পাঁচ গুণ। এর মধ্য দিয়ে দেশের অভ্যন্তরীণ বাজারে প্রাধান্য প্রতিষ্ঠা করল কোম্পানিটি। বাজারে বিদ্যমান অন্য প্রতিষ্ঠানের তুলনায় দাম কম ও দেশটিতে অর্থনীতি পুনরুদ্ধারে বিক্রয় সূচকের উল্লম্ফনে ভূমিকা রেখেছে। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। খবর রয়টার্স।
বিওয়াইডির পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির নিট মুনাফা ছিল ৪১৩ কোটি ইউয়ান বা ৫৯ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ডলার। গত বছরের তুলনায় এটি ৪১০ দশমিক ৯ শতাংশ বেশি। গত বছর কোম্পানিটির নিট মুনাফা ছিল ৮০ কোটি ৮৪ লাখ ১০ হাজার ইউয়ান। গত এক বছরে আয় ৭৯ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ১ লাখ ৭০ হাজারে।
চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের প্রদেয় তথ্যানুসারে, দেশীয় বাজারে বিওয়াইডি অতিক্রম করে গেছে ফক্সওয়াগনকে। বিওয়াইডি নতুন ৫ লাখ ৫২ হাজার ৭৬টি ইভি বিক্রি করেছে প্রথম প্রান্তিকে। বছরওয়ারি যা ৯২ দশমিক ৮১ শতাংশ বেশি। দেশীয় বাজারে ২০২২ সালে মোট ১৮ লাখ ৬০ হাজার গাড়ি বিক্রি করেছিল কোম্পানিটি।










