ইউক্রেনের খাদ্যশস্যের রফতানি মূল্য কমেছে। সর্বশেষ সপ্তাহে দেশটির গমের রফতানি মূল্য প্রতি টনে অতিরিক্ত ৫ ডলার করে কমে। পাশাপাশি কমে যায় ভুট্টা ও যবের রফতানি মূল্য। কিয়েভভিত্তিক কৃষিপণ্য বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এপিকে-ইনফর্ম এক নোটে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানটি জানায়, ইউক্রেনের বাজারে সর্বশেষ সপ্তাহে ফ্রি অন বোর্ড (এফওবি) চুক্তিতে উচ্চমান সমৃদ্ধ প্রতি টন ভাঙানো ব্ল্যাক সি গম ২৬০-২৬৫ ডলারে রফতানি করা হয়েছে। গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহূত ব্ল্যাক সি গমের রফতানি মূল্য টনপ্রতি ৫ ডলার কমে ২৫৮-২৬৩ ডলারে নেমে যায়।

বিশ্বের প্রথম সারির খাদ্যশস্য রফতানিকারক দেশ ইউক্রেন। ২০১৯-২০ মৌসুমে দেশটি বিদেশী ক্রেতাদের কাছে ৫ কোটি ৭০ লাখ টন গম বিক্রি করেছে। দেশটির সরকার বলছে, এবার গমের উৎপাদন ভালো হয়নি। ফলে চলতি মৌসুমে কৃষিপণ্যটির রফতানি কমিয়ে আনবে ইউক্রেন। গত মৌসুমের তুলনায় রফতানির পরিমাণ কমে ৪ কোটি ৫৮ লাখ টনে নেমে আসবে।

এপিকে-ইনফর্ম জানায়, ফ্রি অন বোর্ড (এফওবি) চুক্তিতে দেশটির ভুট্টার রফতানি মূল্য দাঁড়িয়েছে টনপ্রতি ২৭৮-২৯১ ডলারে। তবে দেশটির নিজস্ব উৎপাদিত ব্ল্যাক সি যবের রফতানি মূল্য অপরিবর্তিত রয়েছে। এফওবি চুক্তিতে কৃষিপণ্যটি টনপ্রতি ২৪১-২৪৯ ডলারে রফতানি করা হয়।

কৃষিপণ্য বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানটি মাসের শুরুতে জানায়, এটি ইউক্রেনের চলতি বছরের শস্য উৎপাদন নিয়ে যে পূর্বাভাস দিয়েছিল তা অপরিবর্তিত রেখেছে। পূর্বাভাস অনুযায়ী, এ বছর ৭ কোটি ৩৬ লাখ টন খাদ্যশস্য উৎপাদন করবে দেশটি। এর আগের বছর উৎপাদন হয়েছিল ৬ কোটি ৪৯ লাখ টন খাদ্যশস্য।