বিশ্ব আয়োডিন দিবস উদযাপন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চট্টগ্রাম কার্যালয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিকের আঞ্চলিক পরিচালক মোতাহার হোসেন (যুগ্ম সচিব)। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপক তানিজা জাহান। বিসিক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসটিআই, বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, চট্টগ্রামের লবণ মিল মালিক, সাধারণ ভোক্তাসহ লবণসংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উন্নয়ন সহযোগী সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল (এনআই) অনুষ্ঠানে সার্বিক সহায়তা করে।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে দেশের ৭৬ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত প্যাকেট লবণ ব্যবহার করছে। দেশে গলগণ্ড ও বামনত্ব অনেকটা নির্মূল হয়েছে। আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করা পরিবার শতভাগে উন্নীত হলে বিভিন্ন ধরনের রোগবালাই নির্মূল হবে। এজন্য লবণ মিল মালিকদের বিসিকের সহায়তায় সক্রিয় ভূমিকা পালন করা উচিত বলে জানান বক্তারা।










