বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস সংশোধন করেছে জাতিসংঘ। সর্বশেষ পূর্বাভাসে জাতিসংঘ জানায়, ২০২৩ সালে বিশ্ব অর্থনীতি ২ দশমিক ৩ শতাংশ সম্প্রসারণ হবে, যা গত জানুয়ারির পূর্বাভাসের চেয়ে দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট বেশি। এছাড়া ২০২৪ সালে ২ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। খবর রয়টার্স।

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স বিভাগে তাদের ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস শিরোনামের প্রতিবেদনে বলা হয়, প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী হলেও হার মহামারী-পূর্ব দুই দশকের গড়ের চেয়ে কম। করোনা-পূর্ব দুই দশকে বৈশ্বিক প্রবৃদ্ধি হার ছিল ৩ দশমিক ১ শতাংশ। 

জাতিসংঘের প্রবৃদ্ধি পূর্বাভাস আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চেয়ে কিছুটা কম। আইএমএফের পূর্বাভাস, ২০২৩ সালে বিশ্ব অর্থনীতি ২ দশমিক ৯ শতাংশ সম্প্রসারণ হবে, যা ২০২২ সালে সম্প্রসারণ হয়েছিল ৩ দশমিক ৪ শতাংশ। ২০২৪ সালে বিশ্ব অর্থনীতি ৩ দশমিক ১ শতাংশ সম্প্রসারণের পূর্বাভাস আইএমএফের।

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের মতো শীর্ষ অর্থনীতি নিয়ে বেশ আশাবাদী জাতিসংঘ। চলতি বছরে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হতে পারে ১ দশমিক ১ শতাংশ, যা গত জানুয়ারির পূর্বাভাসের চেয়ে দশমিক ৪ শতাংশ বেশি। ইইউর প্রবৃদ্ধি হতে পারে শূন্য দশমিক ৯ শতাংশ।