চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সৌদি আরব আয় করেছে ৩১ হাজার ৪৮২ কোটি রিয়াল বা ৮ হাজার ৩৯১ কোটি মার্কিন ডলার। সম্প্রতি দেশটির অর্থ মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। খবর আরব নিউজ।
মন্ত্রণালয়ের প্রান্তিকভিত্তিক পারফরম্যান্স তথ্য বলছে, তেল খাত থেকে মোট ১৭ হাজার ৯০০ কোটি সৌদি রিয়াল আয় হয়েছে। দ্বিতীয় প্রান্তিকে তেলবহির্ভূত খাত ১৩ শতাংশ বেড়ে ১৩ হাজার ৫০০ কোটি রিয়াল আয় করেছে, যা প্রথম প্রান্তিকের ১২ হাজার কোটি রিয়াল থেকে বেশি।
ডেটা বলছে, বছরের প্রথমার্ধের আয় ৫৯ হাজার ৫৭৭ কোটি রিয়াল ছুঁয়েছে। তবে একই সময়ে ব্যয় হয়েছে ৬০ হাজার ৩৯৫ কোটি রিয়াল। দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব, আয় ও মূলধনের পরিমাণ বেড়েছে ৬৩ শতাংশ।
সৌদি আরব বছরের প্রথমার্ধের বাজেটে সামরিক খাতে ১১১ দশমিক ২৫ কোটি রিয়াল বরাদ্দ করেছে। দেশটি শিক্ষাসহ স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন খাতে ১২ হাজার ৮০০ কোটি রিয়াল বরাদ্দ করেছে। ২০২২ সালের প্রথমার্ধের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন খাতে বরাদ্দ ২৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে ২০২২ সালের ৯৯ হাজার ৮ কোটি রিয়াল সরকারি ঋণ চলতি অর্থবছরের প্রথমার্ধে কমে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯১৬ কোটি রিয়ালে।










