চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (এপ্রিল-জুন) ভারতের স্বর্ণ আমদানি কয়েক গুণ বেড়েছে। এ সময় দেশটি প্রায় ৭৯০ কোটি ডলারের স্বর্ণ আমদানি করে। ভারতীয় বেসরকারি সংবাদ সংস্থা আইএএনএস এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ অর্থবছরে করোনা মহামারী প্রতিরোধে লকডাউন ও নানা বিধিনিষেধের কারণে ভারতের স্বর্ণ আমদানি কমে যায়। গত অর্থবছরের প্রথম তিন মাসে ভারত ৬৮ কোটি ৭৮ লাখ ৩০ হাজার ডলারের স্বর্ণ আমদানি করেছিল। তবে চলতি অর্থবছর দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ আঘাত হানলেও স্বর্ণের চাহিদা বেড়েছে। ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে মূল্যবান ধাতুটির আমদানি বাড়িয়েছে ভারত।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, শুধু অর্থবছরের প্রথম তিন মাসেই নয়, জুলাইতেও স্বর্ণ আমদানি লক্ষ্যণীয় মাত্রায় বেড়েছে। এ সময় দেশটি ৯৬ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলারের স্বর্ণ আমদানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ৬০ শতাংশ বেড়েছে।

এদিকে স্বর্ণ আমদানি বাড়লেও ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন মাসে রৌপ্য আমদানি ছিল নিম্নমুখী। এ সময় ভারত সব মিলিয়ে ৩ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টন রৌপ্য আমদানি করে। গত অর্থবছরের তুলনায় রৌপ্য আমদানি ৯৩ দশমিক ১৫ শতাংশ হ্রাস পেয়েছে। গত অর্থবছরের প্রথম তিন মাসে আমদানি হয়েছিল ৫৭ কোটি ৫১ লাখ ১০ হাজার ডলারের রৌপ্য।