ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ হ্যাকাথনের সপ্তম সংস্করণটি টানা দ্বিতীয়বারের মতো ইউআইইউ বাংলাদেশের একমাত্র হাব হিসেবে আয়োজন করছে।
এবারের হ্যাকাথনটি ‘বিল্ডিং হাই-ভ্যালু হেলথ সিস্টেমস: লেভারেজিং এআই’ থিমের অধীনে অনুষ্ঠিত হচ্ছে, যা স্বাস্থ্যসেবার মান, কার্যকারিতা এবং সহজলভ্যতা বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ভূমিকার ওপর আলোকপাত করবে। চলতি বছরে এ উদ্যোগের অংশীদাররা হলো কৌশলগত অংশীদার হিসেবে প্রাইম ব্যাংক ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড; এসআরএইচআর অংশীদার হিসেবে সুইডেন দূতাবাস, অপরাজেয় তরুণ এবং আরএইচএসটেপস; এআই স্বাস্থ্য অংশীদার হিসেবে সিএমইডি হেলথ; হট বেভারেজ অংশীদার হিসেবে ইস্পাহানি মির্জাপুর টি; এবং মিডিয়া অংশীদার হিসেবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও বণিক বার্তা।
ঢাকা হাবে সারা বাংলাদেশ থেকে ৬৫০টিরও বেশি আবেদনপত্র জমা পড়ে। একটি প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার পর দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ৯৮ জন অংশগ্রহণকারীসহ ২২টি দল এবং চারজন স্বতন্ত্র উদ্ভাবককে নির্বাচিত করা হয়। হার্ভার্ড এইচএসআইএলের তত্ত্বাবধানে মেন্টর, জুরি সদস্য ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে একই সময়ে ৩০টি ভিন্ন দেশে হ্যাকাথনের ফাইনাল অনুষ্ঠিত হবে।
সমাপনী অনুষ্ঠানে অন্যতম সম্মানিত জুরি সদস্য হিসেবে থাকবেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক। তার সঙ্গে থাকবেন ইউনাইটেড আইগ্যাসের সিইও হারুন ওরটাকসহ স্বনামধন্য করপোরেট ব্যক্তিত্ব এবং জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন, পিএইচডি লরা জে রাইখেনবাখসহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা।
ঢাকা হাব চ্যাম্পিয়নরা নগদ পুরস্কার জিতবেন এবং এইচএসআইএল ভেঞ্চার ইনকিউবেশন প্রোগ্রামে একটি স্থান পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন, যা সম্ভাবনাময় ধারণাগুলোকে টেকসই উদ্যোগে পরিণত করতে পরামর্শ ও সহায়তা প্রদান করে।










