ফিলিপাইনে চালের মজুদ ঘাটতি দেখা দিয়েছে। চলতি বছরে মে মাসে দেশটির চালের মজুদ ৭ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। সর্বশেষ প্রকাশিত সরকারি প্রতিবেদনে এ তথ্য উঠেছে। খবর ম্যানিলা টাইমস।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মে মাসে ফিলিপাইনের চালের মজুদ ২৫ লাখ ৮০ হাজার টনে নেমে এসেছে। গত বছরের মে মাসে মজুদের পরিমাণ ছিল ২৭ লাখ ৯০ হাজার টন।
ফিলিপাইন স্ট্যাটিস্টিকস অথরিটির (পিএসএ) মাসভিত্তিক মজুদসংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, গত বছরের তুলনায় কমলেও এপ্রিলের তুলনায় মজুদ ৫ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এপ্রিলে চালের মজুদ ছিল ২৪ লাখ ৪০ হাজার টন।
প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনে চালের গৃহস্থালির মজুদ ৬ দশমিক ২ শতাংশ কমে ১৪ লাখ ২০ হাজার টনে নেমেছে। অন্যদিকে বাণিজ্যিক ওয়্যারহাউজগুলোতে মজুদ ৪ শতাংশ কমে ৯ লাখ ১৮ হাজার ৬৭০ টনে নেমে গেছে। এছাড়া ন্যাশনাল ফুড অথরিটির খাদ্যগুদামগুলোতে চালের মজুদ ২৪ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ১৩০ টনে। গত বছরের মে মাসে মজুদের পরিমাণ ছিল ৩ লাখ ১৮ হাজার ২০০ টন।










