বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের অনলাইন সিস্টেমের সঙ্গে নিজস্ব সিস্টেম সংযুক্ত করতে যাচ্ছে দেশের চারটি ব্যাংক ও সাতটি সিটি করপোরেশন। এর ফলে বিনিয়োগকারীরা অনলাইনের মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, ট্রেড লাইসেন্স গ্রহণ, বিভিন্ন আর্থিক ও সিটি করপোরেশন -সংক্রান্ত বিনিয়োগ সেবা দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে গ্রহণ করতে পারবেন।

এ লক্ষ্যে গতকাল সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিডার কনফারেন্স কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিডার ওএসএস পোর্টালের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে ১১টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সভাপতিত্ব করেন নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদা।

এমওইউ স্বাক্ষরকারী ব্যাংকগুলো হলো- রূপালী ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

সিটি করপোরেশনগুলো হলো- রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

বিডা জানিয়েছে, নতুন ১১টি প্রতিষ্ঠান ছাড়াও, এর আগে বিডা ৫২টি প্রতিষ্ঠানের সঙ্গে এমওইউ স্বাক্ষর করেছে। বর্তমানে ওএসএস পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা দেয়া হচ্ছে। এ সিস্টেমের মাধ্যমে এখন পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ৬৯৯টি আবেদন নিষ্পত্তি হয়েছে।

অনুষ্ঠানে আশিক চৌধুরী বলেন, ‘আমাদের লক্ষ্য, যেখানে একজন ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় শিল্পগোষ্ঠীর বিনিয়োগকারী- সবাই একটি মাত্র ওয়েবসাইট ও একটি লগইনের মাধ্যমে প্রয়োজনীয় সব সরকারি সেবা পেয়ে যাবেন। কারণ একই তথ্য বারবার বিভিন্ন দফতরে জমা দেয়ার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই।’

তিনি বলেন, ‘যেসব দেশ বিনিয়োগে অনেক এগিয়ে গেছে, তারা একবার দেয়া ডেটা পুরো সরকারের মধ্যে ব্যবহারযোগ্য করে তুলেছে। বাংলাদেশও সেই পথে এগোচ্ছে। এই যাত্রা সহজ নয় এবং সময়সাপেক্ষ, তবে আমরা দৃঢ়ভাবে এগোচ্ছি।’

ওএসএস কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আরো বলেন, ‘শুধু সিস্টেম চালু করলেই হবে না, সেবাগুলো ব্যবহার হচ্ছে কি না, বিনিয়োগকারীরা কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন- সেটি নিয়মিত মনিটরিং ও ফিডব্যাকের মাধ্যমে জানতে হবে। সেবার মান বাড়াতে অংশীদার প্রতিষ্ঠানগুলোর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে বিডার ওএসএসের সার্বিক কার্যক্রম উপস্থাপনা করেন বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন সংস্থাটির উপপরিচালক আবু মোহাম্মদ নুরুল হায়াত টুটুল।

উল্লেখ্য, বিনিয়োগ-সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ সেবা একক প্ল্যাটফর্ম থেকে দেয়ার লক্ষ্যে বিডা ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অনলাইন ওএসএস পোর্টাল চালু করে।