আবারো বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভির দাম কমানোর ইঙ্গিত দিলেন টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক। গতকাল বুধবার (১৯ জুলাই) সামষ্টিক অর্থনীতি ‘অস্থির সময়’ পার করছে জানিয়ে এ কথা বলেন তিনি।

রয়টার্স জানায়, প্রতিদ্বন্দ্বী অটোমেকারদের বিরুদ্ধে এই সর্বাত্মক মূল্য যুদ্ধে প্রকৃত আয় কমার ঝুঁকি নিতেও রাজি এ খ্যাপাটে উদ্যোক্তা।

গত বছরের শেষ থেকে যুক্তরাষ্ট্র, চীন ও অন্যান্য বাজারে বেশ কয়েকবার দাম কমিয়েছে টেসলা। মজুদ কমাতে ছাড় ও অন্যান্য প্রণোদনা বাড়ানো হয় দফায় দফায়। যাকে প্রতিযোগিতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে লড়াই হিসেবে বর্ণনা করেন মাস্ক।

বৈশ্বিক অবস্থাকে বর্ণনা করেন এভাবে, একদিন মনে হচ্ছে বিশ্ব অর্থনীতি ভেঙে পড়ছে; তো পরের দিন দেখা যাচ্ছে ঠিক আছে। আমি জানি না কী চলছে। আমি এটাকে অস্থির সময় বলব।

মাস্কের এমন মন্তব্যের পর গতকাল টেসলার শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ কমে গেছে।

লাভ কমে যাওয়ার আশঙ্কা নিয়ে বলেন, সামষ্টিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল না হলে টেসলাকে দাম কমাতে হবে।

উদাহরণ হিসেবে জানান, চলতি বছর টেসলার জনপ্রিয় ওয়াই মডেলের দাম যুক্তরাষ্ট্রে ২৫ শতাংশ কমিয়ে ৫০ হাজার ৪৯০ ডলারে নামানো হয়েছে।

টেসলা চলতি বছরে প্রায় ১৮ লাখ গাড়ি সরবরাহের প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করেছে। সঙ্গে বলেছে, কারখানার উন্নয়নের জন্য তৃতীয় প্রান্তিকে উৎপাদন কিছুটা কমে যাবে।