বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করছে গাম্বিয়া। এ তথ্য জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি। গতকাল সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত গাম্বিয়ার হাইকমিশনার মুশতাহা জাওয়ারা।
মন্ত্রী জানান, নিপীড়িত রোহিঙ্গাদের সুরক্ষার জন্য ব্যবস্থা নিতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) ২০১৯ সালের ১১ নভেম্বর জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মামলা করে গাম্বিয়া। এজন্য জাম্বিয়ার সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ ও জাম্বিয়া একসঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করছে।
বাংলাদেশে নিযুক্ত গাম্বিয়ার হাইকমিশনার জানান, গাম্বিয়া আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ। গাম্বিয়া ও বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। সেজন্য গাম্বিয়া বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য ছাড়াও বিভিন্ন কৃষিপণ্য আমদানি, বাংলাদেশের টেক্সটাইল শিক্ষা, ইসলামিক ও সাংস্কৃতিক শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়নে আগ্রহী।
আলোচনাকালে জাহাঙ্গীর কবির নানক জাম্বিয়ার হাইকমিশনারকে জানান, দুদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে। বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় পাট উৎপাদনকারী দেশ। বাংলাদেশে অতি উন্নতমানের পাট উৎপাদিত হয়। বাংলাদেশের উদ্যোক্তারা পাট দিয়ে ২৮২ ধরনের বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন করছে, যা বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হয়।










