সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মো. নূরুল ইসলাম কোম্পানিটির পাঁচ হাজার শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির উল্লিখিত পরিমাণ শেয়ার ৩০ কার্যদিবসের মধ্যে কিনবেন এ উদ্যোক্তা পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে এসব শেয়ার কিনবেন তিনি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৫৩ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২০৩ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৮২৩। এর মধ্যে ৩৩ দশমিক ৯৮ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে। এছাড়া ১ দশমিক ৩২ শতাংশ সরকার, ১৪ দশমিক ৫৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫০ দশমিক ১৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। 

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৭ টাকা ৫০ পয়সা। 

গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৪ টাকা ৫০ পয়সা ও ৫০ টাকা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ২৮ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ১৬ এপ্রিল। 

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪১ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৪৯ টাকা ৩৫ পয়সা।