ভারত-ইসরায়েল দ্বিপক্ষীয় বাণিজ্য চলতি বছরে ১ হাজার কোটি ডলার ছাড়াবে। এক্ষেত্রে উভয়ের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি ভারত সফররত ইসরায়েলি প্রতিনিধিরা এমন আশাবাদ ব্যক্ত করেন। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

ইসরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন বলেন, ‘‌১৯৯২ সালে ভারত ও ইসরায়েলের মধ্যে পরিপূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে এখন পর্যন্ত দুই দেশের বাণিজ্য অন্তত ৫০ গুণ বেড়েছে।’ ভারত-ইসরায়েল বাণিজ্য সম্মেলনে গিলন বলেন, ‘‌তখন ২০ কোটি ডলার দিয়ে আমরা বাণিজ্য শুরু করেছিলাম, এখন সেটা ১ হাজার কোটি ডলারের হবে বলে ভাবা হচ্ছে।’

২০২২-২৩ অর্থবছরের প্রথম নয় মাসে সমরাস্ত্র বাদে ইন্দো-ইসরায়েল দ্বিপক্ষীয় বাণিজ্য ৮০৯ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা ২০২১-২২ অর্থবছরের ৭৮৬ কোটি ডলারের চেয়ে বেশি।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক কার্যক্রম বিভাগের প্রধান ইয়েল রাভিয়া জাদোক বলেন, ‘‌বাণিজ্য যখন বেড়ে গেছে তার মানে দাঁড়ায় সুযোগ তৈরি হয়েছে সীমাহীন। এ অর্থনৈতিক বন্ধন আরো বেশি শক্তিশালী করতে মুক্ত বাণিজ্য চুক্তি সাহায্য করতে পারে।’