এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নতুন শাখাটির উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ।

ইউসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ইউসিবির অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী নেতা এবং ব্যাংকের প্রধান কার্যালয় ও স্থানীয় শাখার কর্মকর্তারা।

অনুষ্ঠানে ইউসিবির এমডি ও সিইও বলেন, ‘ঐতিহ্য ও ইতিহাসে সমৃদ্ধ মির্জাপুরে ইউসিবির নতুন শাখা চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এ জনপদে রয়েছে দেশের সুপরিচিত প্রতিষ্ঠান—কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, মির্জাপুর ক্যাডেট কলেজ।’ এমন একটি সম্ভাবনাময় এলাকায় ইউসিবির কার্যক্রম শুরু হওয়া স্থানীয় অর্থনীতি ও সেবার পরিসর আরো শক্তিশালী করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মোহাম্মদ মামদুদুর রশীদ আরো বলেন, ‘দেশের প্রতিটি অঞ্চলের মানুষকে ধাপে ধাপে আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যেই ইউসিবি কাজ করছে। নতুন এ শাখার মাধ্যমে ব্যক্তি ও ব্যবসায়ীরা সহজে আমানত, ঋণ, রেমিট্যান্স এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিংসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।’