সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি টপ এমপ্লয়ার ইনস্টিটিউট থেকে ‘‌টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেয়েছে। বিগত বছরে মানবসম্পদ উন্নয়নে সেরা অনুশীলনের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের জন্য কোম্পানিটিকে এ সনদ দেয়া হয়েছে।

টপ এমপ্লয়ার ইনস্টিটিউট কর্মক্ষেত্রে উৎকৃষ্ট মানবসম্পদ ব্যবস্থাপনা ও কর্মপরিবেশ উন্নয়নে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, প্রতিষ্ঠানটির এইচআর বেস্ট প্র্যাকটিসেস সার্ভেতে অংশগ্রহণের ভিত্তিতে সনদ দিয়েছে। সার্ভে ছয়টি ডোমেইন ও ২০টি বিষয় মূল্যায়ন করে, যার মধ্যে রয়েছে মানবসম্পদ কৌশল, কর্মপরিবেশ, প্রতিভা অন্বেষণ, শিক্ষা ও উন্নয়ন, সমতা ও অন্তর্ভুক্তি, কর্মীদের কল্যাণ ও মতামত গ্রহণ। লাফার্জহোলসিম বাংলাদেশ এসব মানদণ্ডে উজ্জ্বল ফলাফল দেখিয়েছে।

স্বীকৃতির বিষয়ে লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী বলেন, ‘‌লাফার্জহোলসিমে আমাদের যা কিছু অর্জন, তার চালিকাশক্তি হলো কর্মীরা। নিরবচ্ছিন্নভাবে কর্মীদের কল্যাণে বিনিয়োগ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা এমন একটি কর্মপরিবেশ তৈরি করতে চাই যেখানে সবাই গর্ব অনুভব করবে যে তারা এমন একটি কোম্পানির অংশ, যে কোম্পানি টেকসই নির্মাণে অবদান রাখছে।’

কোম্পানিটির মানবসম্পদ পরিচালক একেএম আতিকুর রহমান বলেন, ‘এ স্বীকৃতি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। পারপাস, পিপল ও পারফরম্যান্স আমাদের অসাধারণ কর্মপরিবেশ তৈরির মূলমন্ত্র। কর্মীদের টেকসই উন্নয়নে আমাদের আজকের বিনিয়োগ আগামী দিনগুলোতে আমাদের লক্ষ্য অর্জনে গতিশীলতা আনবে এবং বিশ্বজুড়ে বিভিন্ন শিল্পে নেতৃত্বের টেকসই উত্তরাধিকার গড়ে তুলবে।’

হোলসিম ইউনিভার্সিটি ও ক্যারিয়ার হাবের মতো উদ্যোগের মাধ্যমে লাফার্জহোলসিম বাংলাদেশ কর্মীদের মানোন্নয়নে কাঠামোভিত্তিক প্রশিক্ষণ দেয় এবং কর্মজীবন বিকাশে সুবিন্যস্ত পথ প্রদর্শন করে। এছাড়া কোম্পানিটি কর্মীদের সামগ্রিক কল্যাণ ও প্রবৃদ্ধির লক্ষ্যে বিস্তৃত পরিসরে সুযোগ-সুবিধা ও কৌশলগত পরিকল্পনা প্রদান করে। টপ এমপ্লয়ার হিসেবে এ স্বীকৃতি বাংলাদেশে ‘এমপ্লায়ার অব চয়েস’ হিসেবে লাফার্জহোলসিম বাংলাদেশের সুনামকে আরো দৃঢ় করেছে। প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি কর্মজীবন উন্নয়নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে লাফার্জহোলসিম বাংলাদেশ শীর্ষস্থানীয় পেশাদারদের আকৃষ্ট করছে।