চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভিয়েতনাম ৫ লাখ ৮৫ হাজার ৬৯৬ টন কফি রফতানি করছে, যা থেকে আয় হয়েছে ১৯০ কোটি ডলার। ২০১৩ সালের পর এটি সর্বোচ্চ রফতানি আয়। দেশটির শুল্ক বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার। 

পরিমাণের দিক থেকে রফতানি ৫ দশমিক ৯ শতাংশ এবং অর্থমূল্যের দিক থেকে ৫৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এ প্রবৃদ্ধিতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে ভিয়েতনামিজ কফির গড় রফতানি মূল্যবৃদ্ধি। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দাম বেড়েছে প্রায় ৪৭ শতাংশ।

জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভিয়েতনাম ৩৭টি দেশে কফি রফতানি করেছে। এর মধ্যে ১২টি থেকে রেকর্ড পরিমাণ আয় এসেছে। প্রথম প্রান্তিকে জার্মানি ছিল ভিয়েতনামের শীর্ষ কফি আমদানিকারক। দেশটিতে ২২ কোটি ৯০ লাখ ডলারের কফি রফতানি করা হয়েছে। ইতালিতে রফতানি করা হয়েছে ১৯ কোটি ৬০ লাখ ডলারের। এছাড়া স্পেনে ১৫ কোটি, জাপানে ১৩ কোটি, যুক্তরাষ্ট্রে ১১ কোটি ও ইন্দোনেশিয়ায় ১০ কোটি ডলারের কফি রফতানি করা হয়।

এ সময় ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি রফতানি প্রবৃদ্ধি হয়েছে। দেশটিতে আগের বছরের একই সময়ের তুলনায় অর্থমূল্যে রফতানি ১৬৮ শতাংশ বেড়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্রে ২৯ শতাংশ কমেছে।