পুঁজিবাজারে তালিকাভুক্ত শাইনপুকুর সিরামিকস লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই প্রান্তিকের তুলনায় ৯৩ শতাংশের বেশি কমেছে। গতকাল কোম্পানিটির প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে শাইনপুকুর সিরামিকসের কর-পরবতী নিট মুনাফা হয়েছে ৯ লাখ ৬৬ হাজার টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৯৩ দশমিক ৪৬ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৩৯ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৩১ টাকা ৬৯ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে সাইনপুকুর সিরামিকস। আলোচ্য হিসাব বছরের কোম্পানিটির ইপিএস হয়েছে ৪১ পয়সা।