অভ্যন্তরীণ বিক্রয় ও রফতানির লক্ষ্যে বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাণের জন্য ভারতে কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে টেসলা ইনকরপোরেটেড। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের মতে, মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বুধবার ভারতের সরকারি কর্মকর্তাদের এ সম্পর্কে অবহিত করে। খবর রয়টার্স। 

গত বছর টেসলার পক্ষ থেকে ভারতকে গাড়ি আমদানি কর কমানোর জন্য অনুরোধ করা হয়। ভারত সরকার তখন প্রস্তাবটি নাকচ করে দেয়। দক্ষিণ এশিয়ার দেশটি চেয়েছিল টেসলা স্থানীয়ভাবে ভারতে গাড়ি নির্মাণ কার্যক্রম শুরু করুক। বিপরীতে টেসলার প্রচেষ্টা ছিল, প্রথমে গাড়ি আমদানির মাধ্যমে বাজার পরীক্ষার। দুই পক্ষের মতপার্থক্যের কারণে একপর্যায়ে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়। তবে এবার ভারতে কারখানা কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী ধনকুবের ইলোন মাস্কের প্রতিষ্ঠান।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, টেসলা যদিও এবার ভারতের কর্মকর্তাদের সঙ্গে আমদানি করের বিষয়ে আলোচনা করেনি, বরং তারা একটি নতুন কারখানা স্থাপনের প্রস্তাব করেছে। কারখানাটি ভারতের কোথায় হবে কিংবা এতে কী পরিমাণ বিনিয়োগ করা হবে তা উল্লেখ করা হয়নি। 

টেসলাসহ পশ্চিমা কোম্পানিগুলো চীনের বাইরে তাদের সাপ্লাই চেইনকে বৈচিত্র্যময় করতে আগ্রহী। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রচারাভিযানের আওতায় বাইরের কোম্পানিগুলোকে স্থানীয়ভাবে গাড়ি নির্মাণে আকর্ষণ করতে চেষ্টা চালাচ্ছে। 

জ্যেষ্ঠ নির্বাহীরা যন্ত্রাংশের স্থানীয় সোর্সিংসহ অন্যান্য বিষয়ে আলোচনা ও সরকারের সঙ্গে দেখা করতে চলতি সপ্তাহে ভারতে অবস্থান করছেন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও টেসলার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।