ফক্স ও নিউজ করপোরেশনকে একীভূত করার পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছেন রুপার্ট মারডক। এ মিডিয়া মুঘল বরং মুভ ইনকরপোরেশন বিক্রির কথা ভাবছেন। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে।

বিষয় সম্পর্কে অবগত তিনটি সূত্র জানায়, মুভ ইনকরপোরেশনে থাকা নিজেদের শেয়ার ৩০০ কোটি ডলারে কোস্টারের কাছে বিক্রির আলোচনা চালিয়েছে নিউজ করপোরেশন।

ফক্স ও নিউজ করপোরেশনের একীভূতের বিপক্ষে প্রকাশ্যে মতামত জানিয়েছে বেশ কয়েকজন শীর্ষ বিনিয়োগকারী। মঙ্গলবার এক বিবৃতিতে নিউজ করপোরেশন জানায়, বিষয়টি (একীভবন) নিউজ করপোরেশন ও ফক্সের শেয়ারহোল্ডারদের জন্য তেমন সুবিধাজনক নয়। একীভবন চুক্তি সম্পন্ন হলে মারডকের মিডিয়া সাম্রাজ্য ফের যুক্ত হতো। এক দশক আগে আলাদা হয়েছিল করপোরেশন দুটি। বর্তমানে নিউজ করপোরেশনের বাজার মূলধন ১ হাজার ১০০ কোটি ডলার। অন্যদিকে ফক্সের বাজার মূলধন ১ হাজার ৭০০ কোটি ডলার।

মারডকের ঘনিষ্ঠ লোকজন বলছেন, ২০১৩ সালে বিভাজিত হওয়া প্রকাশনা ও বিনোদন কোম্পানিগুলোকে একত্রিত করার পেছনে প্রধান কারণ উত্তরসূরির কাছে দায়িত্ব হস্তান্তর। ৯১ বছর বয়সী রুপার্ট মারডক তার উত্তরসূরি হিসেবে ল্যাচলান মারডককে বিবেচনা করছেন। বর্তমানে ফক্স করপোরেশনের দায়িত্বে আছেন ল্যাচলান।