টানা এক সপ্তাহ নিম্নমুখী থাকার পর অবেশেষে বাড়তে শুরু করেছে মালয়েশিয়ান পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য। চলতি সপ্তাহের শেষ দিকে ভোজ্যতেলটির দাম ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। প্রতিন্দ্বন্দ্বী ডালিয়ান উদ্ভিজ্জ ও অপরিশোধিত জ্বালানি তেলের বাজার পুনরুদ্ধার হওয়ায় পাম অয়েলের বাজারও ঊর্ধ্বমুখী হয়েছে। খবর রয়টার্স।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে নভেম্বরে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের বাজার আদর্শ দাম ৩৩ রিঙ্গিত বা দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। এতে প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮০৩ ডলার ৩৮ সেন্টে।
গত সপ্তাহে টানা সাতদিন পর্যন্ত ফিউচার মার্কেটে নিম্নমুখী প্রবণতায় ছিল পাম অয়েল। বৈশ্বিক দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি, যুক্তরাষ্ট্রের মজুদ কমে আসা এবং ২০২৩ সালের বাকি সময়ের জন্য বৈশ্বিক অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ হ্রাসের শঙ্কা কেটে যাওয়ায় ভোজ্যতেলের বাজারে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
ডালিয়ানের সর্বাধিক বিক্রীত সয়া তেলের ভবিষ্যৎ সরবরাহ চুক্তি দশমিক ৪৬ শতাংশ বেড়েছে, যেখানে পাম তেল চুক্তি দশমিক ৬২ শতাংশ বেড়েছে। শিকাগো বোর্ড অব ট্রেডে সয়া তেলের দাম দশমিক ৫৬ শতাংশ কমেছে।
শীর্ষস্থানীয় এক বাণিজ্য সংস্থা জানিয়েছে, শীর্ষ আমদানিকারক ভারত গত আগস্টে ১১ লাখ ৩০ হাজার টন পাম অয়েল আমদানি করেছে, যা আগের মাসের চেয়ে ৩ দশমিক ৯ শতাংশ বেশি এবং নয় মাসের মধ্যে সর্বোচ্চ।










