বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট মোকাবেলা ও মূল্য নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় মজুদ থেকে সরবরাহের পরিকল্পনা নিয়েছিল যুক্তরাষ্ট্র। পরিকল্পনার অংশ হিসেবে ১৭ ডিসেম্বরে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) থেকে ১ কোটি ৮০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করা হবে। মার্কিন জ্বালানি বিভাগ সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঠেকাতে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ সংঘবদ্ধ হয়েছে। গত মাসে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় মজুদ থেকে পাঁচ কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বাজারে সরবরাহ করবে। চীন, দক্ষিণ কোরিয়া, ভারতসহ কয়েকটি দেশও যুক্তরাষ্ট্রের আহ্বানে মজুদ থেকে সরবরাহ বাড়াতে সম্মত হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, কভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত খাতটি পুনরুদ্ধার করতে হোয়াইট হাউজ প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মার্কিন জ্বালানি সচিব জেনিফার গ্র্যানহোম বলেছেন, বাজারের অস্থিরতা কাটিয়ে দাম কমাতে এসপিআরের ব্যবহারের অনুমোদন নিশ্চিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বিশ্বাস করেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলমান অস্থিরতা থেকে মুক্তি পাওয়া প্রয়োজন।

তথ্যানুযায়ী, চলতি বছরের অক্টোবরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত সাত বছরের সর্বোচ্চ পৌঁছে। ওই সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৮৬ ডলার।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণের কারণে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে বাড়তে থাকা জ্বালানি তেলের চাহিদা প্রায় ১৩ শতাংশ কমেছে।