অভিজাত অঞ্চলের কিছু শপিং মল বিক্রি করার পরিকল্পনা করছে ডালিয়ান ওয়ান্ডা গ্রুপ। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছে, চীনা প্রতিষ্ঠানটি তারল্য সংকট এড়ানোর জন্য অন্তত ২০টি শপিং মল বিক্রি করার কথা ভাবছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
বেইজিংভিত্তিক ডালিয়ান ওয়ান্ডা গ্রুপ একটি বহুজাতিক রিয়েল এস্টেট কোম্পানি। বাণিজ্যিক কেন্দ্র, নগরীর পথচারী রাস্তা, হোটেল, অফিস ভবন, অ্যাপার্টমেন্টসহ বাণিজ্যিক স্থাপনা নির্মাণ এর মূল ব্যবসা। পাশাপাশি পর্যটন বিনিয়োগ খাত, সাংস্কৃতিক ও ডিপার্টমেন্টাল স্টোর ব্যবসাও পরিচালনা করে।
পরিচয় গোপন রাখার শর্তে একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছে, চীনের জিয়াংসু ও জেজিয়াং প্রদেশের পাশাপাশি সাংহাইয়ের কিছু শপিং মল বিক্রি করবে ওয়ান্ডা গ্রুপ। এ বিষয়ে বীমা কোম্পানি ও সম্পদ ব্যবস্থাপনা সংস্থাসহ সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে।
প্রতিবেদন বলছে, অবস্থান ও ব্যবসায়ের ধরনের ভিত্তিতে প্রতিটি শপিং মলের জন্য ৭০-৮০ কোটি ইউয়ান পর্যন্ত মূল্যনির্ধারণের চেষ্টা করছে গ্রুপটি। যেখানে সাংহাইয়ের একটি শপিং মলের দাম ১০০ কোটি ইউয়ান পর্যন্ত হতে পারে। কেননা শহরটির বাসিন্দাদের গড় পারিবারিক আয় চীনের সর্বোচ্চ স্তরে রয়েছে। অবশ্য, সব সম্পত্তি বিনিয়োগকারীদের আগ্রহী করবে কিনা সেটি স্পষ্ট নয়।
সংশ্লিষ্টরা বলেছেন, শপিং মলগুলোর শেয়ার বিক্রিসহ অন্যান্য বিষয়ও অনুসন্ধান করা হতে পারে। বিনিয়োগকারীদের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে ওয়ান্ডা অভিজাত অঞ্চলের আরো কিছু শপিং বিক্রির সিদ্ধান্ত নিতে পারে। অনেকেই জানিয়েছেন, এ বিষয়ে এখন আলোচনা চলছে। ওয়ান্ডা এখনো সম্পদ ধরে রাখার সিদ্ধান্ত নিতে পারে। অবশ্য ওয়ান্ডার পক্ষ থেকে কেউ এ বিষয়ে মন্তব্য করেননি। নিয়ম অনুযায়ী, বিনিয়োগকারীদের সঙ্গে পূর্ববর্তী চুক্তির অংশ হিসেবে ইনিশিয়াল পাবলিক অফার (আইপিও) না হলে ওয়ান্ডাকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রায় ৩ হাজার কোটি ইউয়ান মূল্যের শেয়ার পুনরায় কিনতে হতে পারে। ব্লুমবার্গের তথ্যানুযায়ী, ওয়ান্ডা ঋণ মওকুফ পরিকল্পনার বিষয়ে চীনের বৃহৎ ব্যাংকগুলোর সঙ্গেও আলোচনা করছে।
কোম্পানিটি কিছু ব্যবসায়িক ইউনিট কমানোর পরিকল্পনা প্রকাশের পর এ সপ্তাহে উদ্বেগ কিছুটা বেড়েছে। এর বাণিজ্যিক ব্যবস্থাপনা ইউনিটের ব্যবসায়িক কার্যক্রম চলতি মাসের শুরুর দিকে একটি স্থিতিস্থাপক অবস্থানে ছিল। বর্তমানে তা সংকটজনক স্তরে নেমে এসেছে। ব্লুমবার্গের দেয়া তথ্যানুযায়ী, কনগ্লোমারেটটি এবং এর ইউনিটগুলোর কমপক্ষে ১১৮ কোটি ডলার বন্ডের বাধ্যবাধকতা রয়েছে। চলতি বছরের মধ্যেই এসব বন্ড মূল্য পরিশোধ করতে হবে।
হোটেল ব্যবসা থেকে শুরু করে থিম পার্ক ও সিনেমা ইত্যাদি সব ধরনের ব্যবসাই রয়েছে গ্রুপটির। ওয়ান্ডার ওয়েবসাইটে বলা হয়েছে ২০২২ সালের শেষের দিকে চীনে মোট ৪৭৩টি শপিং মল ছিল ওয়ান্ডার। এর মধ্যে জিয়াংসুতে রয়েছে ৩৯টি, জেজিয়াংয়ে ২১ ও সাংহাইয়ে ১৪টি।










