এ উপলক্ষে গতকাল আশুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন আতিক ব্যাপারী ম্যানশনে নতুন শাখা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ এ সোবহানী এবং ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সোলায়মান আহমেদ। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় গ্রাহক, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের আরো সহজ, নিরাপদ এবং নির্ভরযোগ্য ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যেই নতুন শাখাটি চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও অর্থনৈতিক অঞ্চল আশুলিয়ায় ইউসিবির নতুন শাখা চালু করতে পেরে আমরা আনন্দিত। এ অঞ্চলের উদ্যোক্তা, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ এবং সাধারণ গ্রাহকদের আর্থিক চাহিদা পূরণে আমরা আধুনিক ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিয়ে এসেছি।’

দেশব্যাপী ইউসিবির সেবা সম্প্রসারণ সম্পর্কে তিনি আরো বলেন, ‘আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এবং দেশের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে ইউসিবি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে আমরা দেশব্যাপী সেবা প্রদান করছি।’