বিশ্বের শীর্ষ সয়াবিন রফতানিকারক দেশ ব্রাজিল।
করোনা পরিস্থিতির কারণে দেশটির সয়াবিন রফতানি চ্যালেঞ্জের মুখে পড়লেও এপ্রিল ও মে মাসে নাটকীয় প্রবৃদ্ধি আসে।
এ সময় রেকর্ড সর্বোচ্চ সয়াবিন রফতানি করে দেশটি।
তবে চলতি মাসে আবারো রফতানি কমেছে।
খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস ও মিশিগান ফার্মস নিউজ।
এদিকে দেশীয় বাজারে সয়াবিনের সরবরাহ সংকট উদ্বেগের সৃষ্টি করেছে।
এ পরিস্থিতিতে দেশটি আন্তর্জাতিক বাজার থেকে সয়াবিন আমদানি বাড়িয়েছে।
ব্রাজিলের বৈদেশিক বাণিজ্য দপ্তরের প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের প্রথম তিন সপ্তাহে ব্রাজিল ৭৫ লাখ ৬০ হাজার টন সয়াবিন রফতানি করে।
গত বছরের একই সময়ে দেশটি রফতানি করেছিল ৯৩ লাখ ৬০ হাজার টন সয়াবিন।
প্রতিবেদনে আরো বলা হয়, রফতানি কমার পাশাপাশি দেশীয় বাজারে সংকটের কারণে সয়াবিন আমদানি বাড়িয়েছে ব্রাজিল।
চলতি মাসের এখন পর্যন্ত দেশটি ৯৯ হাজার টন সয়াবিন আমদানি করে।
গত বছরের একই সময় আমদানি করা হয় ৫৩ হাজার টন।
ব্রাজিল চলতি মাসে দৈনিক ৫ লাখ ৮০ হাজার টন সয়াবিন রফতানির উদ্দেশ্যে জাহাজীকরণ করে।
গত বছরের একই সময়ে জাহাজীকরণের পরিমাণ ছিল ৬ লাখ ১০ হাজার টন।
মিশিগান ফার্মস নিউজের দেয়া তথ্যমতে, চলতি মৌসুমের আবাদ দেরিতে শুরু হওয়ায় ফেব্রুয়ারিতে সয়াবিন রফতানি তিন বছরের সর্বনিম্নে নেমে আসে।
তবে এরপর থেকে রফতানি পাল্লা দিয়ে বাড়তে থাকে।
জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশটি ৩ কোটি ৩৬ লাখ টন সয়াবিন জাহাজীকরণ করে।
গত বছরের একই সময় জাহাজীকরণ করা হয় ৩ কোটি ১৯ লাখ টন।
এর মধ্যে দেশটি এপ্রিলে রেকর্ড সর্বোচ্চ সয়াবিন বিশ্ববাজারে বিক্রি করে।










