চলতি বছর কলম্বিয়ার কয়লা উত্তোলন গত বছরের তুলনায় ২০ শতাংশ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দেশটির খনিজসম্পদ ও জ্বালানিমন্ত্রী দিয়েগো মেসা এ তথ্য জানিয়েছেন। খবর নাসডাক।

কলম্বিয়ার জাতীয় আয়ের প্রধান উৎস কয়লা। কিন্তু গত বছর দেশটির কয়লা উত্তোলন ৪০ শতাংশ কমে ৪ কোটি ৯৫ লাখ টনে নেমে যায়। করোনা মহামারীজনিত সংকট ও প্রধান খনিতে ৯১ দিনের ধর্মঘট উত্তোলনে বিপর্যয় ডেকে আনে।

দক্ষিণ আমেরিকার দেশটি বিশ্বের শীর্ষ কয়লা উত্তোলক দেশগুলোর একটি। গত বছর প্রতি তিন মাসে ১ কোটি ২০ লাখ টন করে কয়লা উত্তোলনে সক্ষম হয়েছিল কলম্বিয়া। তবে চলতি বছর উত্তোলন বেড়ে ১ কোটি ৩৭ লাখ টনে পৌঁছেছে।

দিয়েগো মেসা বলেন, উত্তোলনের দিক থেকে আমরা এখনই মহামারীপূর্ব অবস্থায় ফিরে যেতে পারব না। তবে গত বছরের সংকট কাটিয়ে ২০ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা রয়েছে।