রাশিয়ার প্রাকৃতিক গ্যাস উত্তোলন নভেম্বরে টানা চতুর্থ মাসের মতো বেড়েছে। উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার কোটি ঘনমিটারে। দেশটির রাষ্ট্রীয় তথ্যের বরাত দিয়ে সম্প্রতি এ খবর জানিয়েছে স্থানীয় ব্যবসায়িক দৈনিক কমার্স্যান্ট। খবর আরটি।
জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের নভেম্বরের তুলনায় সদ্য বিদায়ী বছরের একই মাসে জ্বালানিটির উত্তোলন বেড়েছে ৬ দশমিক ৪ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে উত্তোলন কার্যক্রমে জোরারোপ করায় এ প্রবৃদ্ধি এসেছে।
কমার্স্যান্ট পত্রিকার বরাত দিয়ে রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন খনি কোম্পানি গ্যাজপ্রমের উত্তোলন কার্যক্রম বাড়ানো দেশটির সামগ্রিক গ্যাস উত্তোলন বৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করেছে। পাশাপাশি রাশিয়ার দূরপ্রাচ্যে অবস্থিত সাখালিন-১ নামক জ্বালানি তেল ও গ্যাস প্রকল্পে উত্তোলন বৃদ্ধিও এতে ইতিবাচক ভূমিকা রেখেছে।
তবে এখন পর্যন্ত হাতে পাওয়া তথ্য বলছে, সামগ্রিকভাবে বিদায়ী বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত রাশিয়ার গ্যাস উত্তোলন ২০২২ সালের একই সময়ের তুলনায় ৩ শতাংশ কমেছে। এ সময় দেশটিতে মোট ৫৯ হাজার ৫০০ ঘনমিটার গ্যাস উত্তোলন করা হয়েছে।
গ্যাজপ্রম সম্প্রতি এক পূর্বাভাসে জানিয়েছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ও কাতারের পরে বিশ্বের তৃতীয় শীর্ষ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উত্তোলক হতে যাচ্ছে রাশিয়া।










