চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের আটা-ময়দা উৎপাদন। এপ্রিল-জুন পর্যন্ত দেশটি ১০ কোটি ৩৩ লাখ ২০ হাজার কুইন্টাল আটা-ময়দা উৎপাদন করে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ১ দশমিক ২ শতাংশ বা ১২ লাখ ৭০ হাজার টন বেড়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ন্যাশনাল এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিকস সার্ভিস (এনএএসএস) এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ আট-ময়দা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম। এনএএসএস জানায়, গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় উৎপাদন বাড়লেও ২০১৯ সালের একই সময়ের তুলনায় দেশটির উৎপাদন হ্রাস পেয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায়ও উৎপাদন ছিল নিম্নমুখী।
এদিকে বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্র ২০ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার কুইন্টাল আটা-ময়দা উৎপাদন করেছে। গত বছরের প্রথমার্ধে উৎপাদনের পরিমাণ ছিল ২১ কোটি ২ লাখ ২৭ হাজার কুইন্টাল। সে হিসাবে উৎপাদন কমেছে ১ দশমিক ৬ শতাংশ। ২০১৯ সালের প্রথমার্ধে উৎপাদনের পরিমাণ ছিল ২১ কোটি ৭ লাখ ৫৭ হাজার কুইন্টাল। এনএএসএস জানায়, এপ্রিল-জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ময়দা উৎপাদন সক্ষমতা ছিল দৈনিক ১৫ লাখ ৮৫ হাজার ৭৬২ কুইন্টাল। গত বছরের একই সময়ে উৎপাদন সক্ষমতা ছিল ১৬ লাখ ২৭ হাজার ১৬০ কুইন্টাল।










