দেশের টেলিযোগাযোগ খাতের ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটর ফাইবার অ্যাট হোমকে ১৫ বছর মেয়াদি নবায়নকৃত এনটিটিএন লাইসেন্স হস্তান্তর করা হয়েছে। দেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক কমিশন বিটিআরসি এ লাইসেন্স প্রদান করেছে। গতকাল সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে এ লাইসেন্স হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। ফাইবার অ্যাট হোমের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. রফিকুর রহমান নবায়নকৃত লাইসেন্সটি গ্রহণ করেন।

বিটিআরসি সূত্রে জানা যায়, বিটিআরসি থেকে এ পর্যন্ত তিনটি সরকারি এবং তিনটি বেসরকারিসহ মোট ছয়টি প্রতিষ্ঠানকে এনটিটিএন লাইসেন্স প্রদান করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ফাইবার অ্যাট হোম সর্বপ্রথম লাইসেন্স পায়। 

২০০৯ সালের ৭ জানুয়ারি ১৫ বছরের জন্য লাইসেন্স দেয়া হয়। গত ৬ জানুয়ারি লাইসেন্সের মেয়াদ শেষ হয়। 

লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে কমিশনের ভাইস চেয়ারম্যান মো. আমিনুল হক, স্পেকট্রাম বিভাগের কমিশনার শেখ রিয়াজ আহমেদ, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের কমিশনার মো. দেলোয়ার হোসাইন, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুণ্ডুসহ বিটিআরসি ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।